সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুর সদর থানাধীন বড়বাজার এলাকা থেকে জিয়ারুল ইসলাম (৪২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার কাছ থেকে জব্দ করা হয়েছে ২২০ গ্রাম গাঁজা। আটক জিয়ারুল ইসলাম মেহেরপুর সদর থানার ফুলবাগানপাড়া ৪ নং ওয়ার্ড এলাকার নয়মুদ্দীনের ছেলে। সে এলাকার চিহ্নিত মাদক কারবারী বলে দাবী স্থানীয় ও প্রশাসনের।
আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বড়বাজারস্থ জিয়ারুল ইসলামের নিয়ন্ত্রণাধীন ও ভাড়া নেওয়া একটি কাঁচামালের দোকানের ভিতরে টেবিলের নিচে লুকানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেল আহমেদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মেহেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের পূর্বক মালামালসহ আসামী হস্তান্তর করা হয়েছে।






